ভারতে তীব্র বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রধানমন্ত্রীর
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো বার্তায় শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রতি আন্তরিক সহানুভূতি ও শোক প্রকাশ করেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই সংকটময় মুহূর্তে আমরা আপনার পাশে আছি।’
রাজধানী চেন্নাইসহ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের প্রবল বর্ষণে তলিয়ে থাকায় বিপর্যয়ে পড়েছে ৩০ লাখের বেশি মানুষ।
দুর্গত মানুষের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনীকে নিযুক্ত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই বিমানবন্দর ও তামিলনাড়ুর প্রধান বিমানবন্দর। এ ছাড়া বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।