ভারতে থেকে দেশে ফিরল আরও ৩ জেলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিহত বাংলাদেশি আরও তিন জেলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশগুলো বিজিবির কাছে হস্তান্তর করে। লাশগুলো পচে বিকৃত হয়ে যাওয়ায় সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে একইভাবে গত বৃহস্পতিবার সাত বাংলাদেশি জেলের লাশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল।

সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সরকার বলেন, আজ দুপুরে ভারতের চব্বিশ পরগনা জেলার পার্থপ্রতিমা থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক মুখার্জি বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া তিন বাংলাদেশির লাশ ভারতের বসিরহাট মহকুমার ঘোঝাডাঙ্গা সীমান্তে নিয়ে আসেন। বেলা সোয়া দুইটার দিকে বিএসএফের পক্ষ থেকে সাতক্ষীরার ৩৮ বিজিবির কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষে লাশগুলো গ্রহণ করেন ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজুল গণি। পরে তিনি লাশগুলো সাতক্ষীরা সদর থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার এসআই নজরুল ইসলাম বলেন, লাশগুলো পচে বিকৃত হয়ে গেছে। ইতিমধ্যে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। নিখোঁজ জেলেদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরে জানাবেন বলে জানিয়েছেন।

ট্রলারের মালিক নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার আবদুল মোতালেব ওরফে মোতাহার মাঝির ছেলে নবীর উদ্দিন মুঠোফোনে বলেন, ১৪ আগস্ট ১৭ জন জেলে নিয়ে তাঁর এফবি নূর আলম নামের ট্রলারটি মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরের দিন ১৫ আগস্ট ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়। ৩০ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পার্থপ্রতিমা থানার বজ্রবল্লভপুর এলাকার বঙ্গোপসাগরে একটি ট্রলার ভাসতে দেখেন ওই দেশের মৎস্যজীবীরা। ট্রলারের কেবিন থেকে ভারতীয় পুলিশ প্রথমে সাতজন ও পরে আরও তিনজন বাংলাদেশির জেলের লাশ উদ্ধার করে।

নবীর বলেন, নিখোঁজ জেলেরা হলেন জাফর উদ্দিন, মো. রাশেদ, তাজুল ইসলাম, মো. জাফর, মিরাজ উদ্দিন, মো. স্বপন, মো. ফরহাদ, জহির উদ্দিন, মনির উদ্দিন, মো. মিরাজ, মো. মেহরাজ, সালাহ উদ্দিন, মো. সোহেল, রোমান হোসেন, মো. মিরাজ, মো. নিশান ও এনায়েত উদ্দিন। তাঁদের বাড়ি হাতিয়ার জাহাজমারা ও নিঝুম দ্বীপে। ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেই মারা গেছেন আশঙ্কা করে বলেন, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে কে কে আছেন, তিনি বলতে পারেন না। তবে ইতিমধ্যে নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন লাশগুলো কী করবেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন, লাশগুলো ইতিমধ্যে পচে বিকৃত হয়ে গেছে। এসব লাশ সংরক্ষণের জন্য সাতক্ষীরায় কোনো ব্যবস্থা নেই। তাই সাতক্ষীরা শহরের কামালনগর গোরস্থানে আগের সাতটি লাশের মতো এ তিনটি লাশও দাফন করা হয়েছে।