ভারতে নতুন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই কূটনীতিক নয়াদিল্লিতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার তারিক এ করিমের স্থলাভিষিক্ত হবেন। খবর ইউএনবির।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে কর্মরত ছিলেন মোয়াজ্জেম আলী। ওই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন এবং ওয়াশিংটনে অস্থায়ী বাংলাদেশ সরকারের দূতাবাস প্রতিষ্ঠা করেন।
মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়াদিল্লি মিশনেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০০১ সালে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান এই কূটনীতিক।