ভারতে না যেতে অনড় ৭৩ ছিটমহলবাসী
ভারতীয় ট্রাভেল পাস নিয়ে সে দেশে না যাওয়ায় ৬০ জন নারী-পুরুষ ও শিশুর সঙ্গে গত বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল মতবিনিময় সভা করেছে। বেলা সাড়ে ১১টায় দাসিয়ারছড়ার কালীরহাট কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা হয়।
এদিকে পঞ্চগড়েও গতকাল শুক্রবার ভারতে না যাওয়া বিলুপ্ত ছিটমহলের ১৩ জন নারী-পুরুষ ও শিশুর সঙ্গে মতবিনিময় সভা করেছে ওই প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদল পঞ্চগড় সার্কিট হাউসে গতকাল দুপুরে ওই মতবিনিময় সভা করে।
ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন ভারতীয় জনগণনার অতিরিক্ত নিবন্ধক এস কে চক্রবর্তী, ভারতীয় সহকারী স্বরাষ্ট্রসচিব এম এস ইফশিতা শাহা পাল, কলকাতা সচিবালয়ের শাখাপ্রধান এম এস কাজারী বিশ্বাস, ভারতীয় হাইকমিশনের বাংলাদেশে নিযুক্ত সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় হাইকমিশনের সচিব রমাকান্ত গুপ্ত ও রাজশাহী হাইকমিশনের সহকারী অ্যাটাশে অভিজিৎ মিত্ত।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর ইউএনও দেবেন্দ্রনাথ ওঁরাও, সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, পিপি এস এম আব্রাহাম লিংকন, ফুলবাড়ী থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুল আলম প্রমুখ।
ইউএনও দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, গত বছরের ৬ থেকে ১৬ জুলাই জনগণনায় এ ছিটমহলের বাসিন্দা ৭ হাজার ৬৯ জনের মধ্যে ভারতে যাওয়ার জন্য মতামত জরিপ ফরম পূরণ করে ৩১৭ জন। সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা প্রশাসকের কাছে গত ১১ ও ২৯ অক্টোবর দাসিয়ারছড়ার ৬০ জন অধিবাসী লিখিত আবেদন করে। পরে ওই ৬০ জন ভারতে যায়নি। এ কারণে ভারতীয় প্রতিনিধিদল তাদের সঙ্গে মতবিনিময় করতে বৃহস্পতিবার কুড়িগ্রামে আসে। সভায় উপস্থিত ৫৪ জন ভারতে না যাওয়ার ব্যাপারে তাদের মতামত পুনর্ব্যক্ত করে।
এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহল নাজিরগঞ্জ, দেবীগঞ্জ উপজেলার কোর্টভাজিনি ও দহলাখাগড়াবাড়ির ১৩ জন নারী-পুরুষ ও শিশুর মধ্যে একজন ঢাকায় অবস্থান করছে ও অন্য একজন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভারতে চলে যায়। ফলে ওই প্রতিনিধিদল ১১ জনের সঙ্গে কথা বলে। তারা সবাই ওই প্রতিনিধিদলকে জানিয়ে দেয়, তারা কেউই ভারতে যাবে না।