ভারতে নারী পাচার: আকবর আলী রিমান্ডে
ভারতে নারী পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আকবর আলীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ভারতে যৌন নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা এক তরুণী ১ জুন রাজধানীর হাতিরঝিল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই তরুণী ৭ মে কৌশলে দেশে পালিয়ে আসেন। এই মামলায় গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার সীমান্তে অভিযান চালিয়ে আকবর আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
তা ছাড়া এ ঘটনায় দুই ব্যক্তি সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা হলেন মারুফ ও সম্রাট। আদালত–সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারতে নারী পাচারের অন্যতম হোতা রিফাতুল ইসলাম ওরফে টিকটক হৃদয়। মারুফ ও সম্রাট হৃদয়কে ভালোভাবে চেনেন। ভুক্তভোগী নারীকে প্রলোভন দেখানোসহ নানা ঘটনা তাঁরা আদালতকে জানিয়েছেন।
ভারতে নারী পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল বুধবার আদালতে জবানবন্দি দেন আসামি মেহেদী হাসান বাবু। এ মামলায় এখন পর্যন্ত আটজন কারাগারে আছেন।
মেহেদি হাসান বাবু (৩৫) এক হাজারের বেশি নারীকে ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি মহিউদ্দিন ও আবদুল কাদের পাঁচ শতাধিক নারীকে দেশের সীমান্তবর্তী এলাকায় একটি কক্ষে রাখতে সহায়তা করেছেন।
সম্প্রতি বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর ভারতে নারী পাচার হওয়ার বিষয়টি আলোচনায় আসে। ভারতে ঘটে যাওয়া নির্যাতনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৭ মে রাতে হাতিরঝিল থানায় পাঁচজনকে আসামি করে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন তরুণীটির বাবা। তিনি মামলায় বলেছেন, তাঁর মেয়েকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে ভারতে নিয়ে যান রিফাদুল ইসলাম ওরফে টিকটক হৃদয় (২৬)। এ মামলায় ঝিনাইদহের আশরাফুল আলম ওরফে বস রাফি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় চারজন কারাগারে আছেন।