ভারতে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলের উজান এলাকা হচ্ছে ভারতের উত্তর-পূর্ব এলাকা। সেখানে পরিবেশবিধ্বংসী কোনো কার্যক্রম চললে ভাটি তথা সিলেট অঞ্চলেই প্রভাব পড়ে সবার আগে। তাই বাংলাদেশের স্বার্থে ভারতের উত্তর-পূর্ব এলাকা হতে হবে পরিবেশ সুরক্ষিত। কিন্তু সেখানেই যত্রতত্র বৃক্ষ নিধন, খনিজ আহরণে অপরিকল্পিত ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য ঝুঁকির সৃষ্টি করছে। তাই উত্তর-পূর্ব ভারতে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শুধু পরিবেশবাদীদের নয়, রাজনৈতিক দলগুলোকেও প্রতিবাদী ও সোচ্চার হওয়া উচিত।
গত শনিবার বিকেলে সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত ‘উত্তর-পূর্ব ভারতে অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত খনিজ আহরণে সুরমা অববাহিকা এলাকায় ক্ষতিকর প্রভাবে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এ মতামত দেন বিশিষ্টজনেরা।
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আন্তর্জাতিক ওয়াটার অ্যালায়েন্সের সংগঠন ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ আয়োজিত এ নাগরিক সংলাপ সঞ্চালনা করেন বাপা সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম কিম।
সংলাপে অংশ নেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ, প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী, বৃহত্তর সিলেট ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।