ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশির চেয়ে পাকিস্তানি ও শ্রীলঙ্কানরা সংখ্যায় অনেক বেশি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ বিজয় সোনকার এবং প্রীতম মুন্ডে বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অভিবাসন নিয়ে লোকসভার শীতকালীন অধিবেশনে প্রশ্ন উত্থাপন করেন।
জবাবে রিজিজু বলেন, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ভারতে অবস্থান করছিলেন মোট ২৮ হাজার ৩৫৬ জন বিদেশি। তাঁদের মধ্যে মাত্র ৪৫০ জন বাংলাদেশি। কিন্তু পাকিস্তানের নাগরিক রয়েছেন ৪ হাজার ৩৩৫ জন আর শ্রীলঙ্কার ৩ হাজার ৮৫৭ জন। তবে আরও অনেক বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে প্রবেশ করে থাকতে পারেন। তাই দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশির মোট সংখ্যা নিয়ে নির্ভুল কোনো হিসাব নেই।