ভারতে পাচার হওয়া শিশু ফিরল বাবা-মায়ের কাছে
খাগড়াছড়ি থেকে আট বছর আগে নিখোঁজ শিশু নুরুল ইসলামকে (১৫) ভারত থেকে ফিরিয়ে এনে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী তাঁর কার্যালয়ে বাবা সরবত আলী ও মা ফাতেমা বেগমের কাছে নুরুল ইসলামকে হস্তান্তর করেন।
ভারতের দিল্লির বাচপান বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন নুরুল ইসলামের সন্ধান পায়।
পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, বাচপান বাঁচাও আন্দোলনের যোগাযোগ কর্মকর্তা পরমা আচার্যীর মাধ্যমে তাঁরা নুরুল ইসলামের অবস্থান সম্পর্কে জানতে পারেন। সংগঠনটি নুরুল ইসলামের ব্যাপারে ভারতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে। পরে নুরুল ইসলামের ব্যাপারে তাঁর (এসপি) কাছে তথ্য চাওয়া হয়। এরপর নুরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার যশোরের বেনাপোল দিয়ে নুরুল ইসলামকে দেশে ফেরত আনা হয়। বাচপান বাঁচাও আন্দোলনের প্রতিনিধিরা খাগড়াছড়ি জেলা পুলিশের প্রতিনিধির কাছে নুরুল ইসলামকে হস্তান্তর করেন।
নুরুল ইসলামের পরিবার জানায়, দরিদ্র পরিবারের সন্তান নুরুল ইসলাম খাগড়াছড়িতে একটি চায়ের দোকানে কাজ করত। সেখান থেকে আট বছর আগে সে নিখোঁজ হয়।
নুরুল ইসলাম জানায়, বেশি বেতনের লোভ দেখিয়ে অপরিচিত এক ব্যক্তি তাকে প্রথমে বরিশাল ও পরে ঢাকায় নিয়ে যায়।
একপর্যায়ে তাকে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত পাচার করে। সে ভারতের দিল্লিতে চায়ের দোকানে ও রেস্তোরাঁয় কাজ করত। একপর্যায়ে বাচপান বাঁচাও আন্দোলন তার সন্ধান পায়।