ভারতে পাচার হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচার হওয়া ঢাকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ওই স্কুলছাত্রীর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। সে পরিবারের সঙ্গে ঢাকার বাড্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে এবং ওই এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।ওই ছাত্রী (১৩) বলে, ‘২১ মে সকালে পাশের বাসার মনোয়ারা বেগম ওরফে লিপি (৪২) খালা আমাকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। এ সময় আমি তাঁর বাসায় পাঁচটি মেয়ে ও দুটি ছেলেকে বসে থাকতে দেখি। একপর্যায়ে লিপি খালা বলেন, ‘‘চলো আমরা সবাই আমার গ্রামের বাড়ি ফরিদপুরে বেড়াতে যাই।’’ তাঁর প্রস্তাবে আমি রাজি হই। কিন্তু তিনি আমাকে ফরিদপুরে না নিয়ে বেনাপোল সীমান্তের কাছে কয়েকজন লোকের কাছে তুলে দেন। এরপর তাঁরা আমাকে একটি নদীর পাশ দিয়ে ভারতে পাচার করেন।’মেয়েটি জানায়, পরদিন তাকে শিলিগুড়িতে নিয়ে খারাপ কাজ করার জন্য জোর করতে থাকে। কিন্তু রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। দুই দিন থাকার পর সোমবার সে কৌশলে ওই আস্তানা থেকে পালিয়ে আসে। বাইরে আসার পর একজন শুল্ক কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়। ওই কর্মকর্তার ফোন থেকে সে তার বাবাকে ফোন দিয়ে ঘটনা জানায়।ওই ছাত্রীর বাবা জানান, গত সোমবার সকাল সাতটায় মেয়ের ফোন পেয়ে তিনি বাড্ডা থানার পুলিশকে বিষয়টি জানান। পরে ওই থানার ওসি ভারতীয় শুল্ক কর্মকর্তার কাছে তাঁর মেয়েকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে ওই কর্মকর্তা তাঁর মেয়েকে এক লোকের মাধ্যমে হিলি সীমান্তে পাঠান।হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ওই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বলেন, মনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।