ভারতে পাচার হয়ে যাচ্ছে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজননকালীন সময় ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিক্রি ও মজুদ রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এবার কৌশলে সাগর থেকেই ইলিশ ভারতে পাচার করে দিচ্ছেন জেলেরা।মৎস্য বিভাগের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকায় বরগুনাসহ দক্ষিণ উপকূলের জেলেরা বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণের পর তা ভারতীয় জেলেদের কাছে কম দামে বিক্রি করে দিচ্ছেন বলে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ও পাইকারেরা জানিয়েছেন। পাথরঘাটা আড়তদার সমিতির সভাপতি নূরুল আমিন জানান, ভারতে ইলিশ পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় একদিকে প্রজনন মৌসুমে ব্যাপক হারে মা ইলিশ ধরা পড়ছে, অপরদিকে লাখ লাখ টাকা বিনিয়োগ করে আড়তদারদের লোকসান গুনতে হচ্ছে।গতকাল বুধবার পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে চারটি ইলিশবোঝাই ট্রলার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন এই আদালতের নেতৃত্ব দেন। এ সময় ইলিশ ধরার অপরাধে চারটি ট্রলারকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়। আমতলী উপজেলার পায়রা নদীতে অনুরূপ অভিযান চালিয়ে নয় হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। সাগর থেকে ফিরে আসা পাথরঘাটার কয়েকজন জেলে নাম গোপন রাখার শর্তে জানান, রাতে ট্রলারগুলো পাথরঘাটা থেকে ছেড়ে যায়। ট্রলারগুলো মাছ শিকারের পর একটি চক্রের মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দেয়। দীর্ঘদিন ধরে এ ঘটনা চলে আসছে। বর্তমানে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কঠোরভাবে আরোপের ফলে ভারতীয় ক্রেতাদের কাছে ইলিশ বিক্রি বেড়ে গেছে। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার মৎস্য পাইকার সমিতির সভাপতি সাফায়েত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘১১ দিনের নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার পরপরই গভীর সমুদ্রে বড় বড় ট্রলারে আহরিত মাছ ভারতীয় জেলেদের কাছে বঙ্গোপসাগরে বসেই হস্তান্তর করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। গত চার-পাঁচ দিনে পাচারের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। পাশাপাশি উপকূলের কাছাকাছি ও নদীর মোহনায় ধরা পড়া ছোট ছোট ট্রলারের ইলিশও একইভাবে বাংলাদেশের ট্রলারে করে পাচারকারীরা ভারতে পাচার করে দিচ্ছে।’ ভারতীয় জেলেদের কাছে ইলিশ বিক্রির প্রবণতা বাড়ার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার একটি গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক বছর ধরেই ভারতীয় জেলেরা জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। গত পাঁচ দিনে পাথরঘাটা বন্দরসহ বলেশ্বর, বিষখালী ও সাগরের মোহনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি ইলিশভর্তি ট্রলার জব্দ করার পর সেসব ইলিশ দুস্থদের মধ্যে ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বঙ্গোপসাগরে টহল জোরদার করার দাবি জানান। কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ বলেন, ‘গভীর সমুদ্রে ইলিশ পাচার রোধে আমাদের প্রয়োজনীয় জনবল ও জাহাজ নেই। এ কারণে গভীর সাগরে আমরা যথাযথ অভিযান চালাতে পারছি না। তবে এ ধরনের খবর তাৎক্ষণিক আমাদের জানালে নৌবাহিনীর সহায়তায় অভিযান চালানো সম্ভব।’