ভারতে পাচার ১৩ বাংলাদেশি নারী ও শিশু উদ্ধার
ভারতের হায়দরাবাদে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। ১০ মাসের আইনি প্রক্রিয়া শেষে গত সোমবার এই নারী ও শিশুদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ভারত ও বাংলাদেশের সরকার, দূতাবাসের মাধ্যমে বিএনডব্লিউএলএ, হায়দরাবাদের প্রাজুলা ও নয়াদিল্লির স্টপ ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অব চিলড্রেন অ্যান্ড উইমেন নামের বেসরকারি সংগঠন এ উদ্ধারপ্রক্রিয়ায় অংশ নেয়। শিশু ও নারীরা বর্তমানে বিএনডব্লিউএলএর তত্ত্বাবধানে আছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। আর কেউ যদি পরিবারে ফিরতে না চান, তাঁকে সংগঠনের আশ্রয়কেন্দ্রে রেখে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। দেশে ফিরে এই নারীরা আবার নতুন জীবনের স্বপ্ন দেখছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে বিএনডব্লিউএলএর কার্যালয়ে কথা হয় ১৩ জনের সঙ্গে। পাচারকারীর খপ্পরে পড়ে কেউ তিন বছর, কেউ দুই বছর, কেউ কয়েক মাস আগে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে পাচার হন। কেউ কেউ ভালো কাজের আশায় নিজেরাই ভারতে যান, তারপর পাচারকারীর খপ্পরে পড়েন। পুলিশের মাধ্যমে উদ্ধার হওয়ার পর হায়দরাবাদের প্রাজুলা ও নয়াদিল্লির বেসরকারি সংগঠন স্টপের আশ্রয়কেন্দ্রে থাকেন।
নির্যাতনের কথা বলতে গিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। পাচার হওয়ার পর তাঁদের সবার নাম পাল্টে গেছে। নাম জানতে চাইলে কেউ কেউ ওই নামই বলছিলেন, পরে আবার আসল নাম বলেন। একজন গলায় দাগ দেখিয়ে বলেন, যৌনকাজ করতে না চাইলে গলা টিপে ধরত। খাবার দেওয়া বন্ধ করে দিত। মারধর তো ছিলই।
ঝিনাইদহের এক নারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজনের সঙ্গে পরিচয় হয়। তিনি ভালো কাজের কথা বলে হায়দরাবাদে নিয়ে যান। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি দুই সন্তানকে মায়ের কাছে রেখে হায়দরাবাদের পথে পা বাড়ান। ওই নারী বারবার বলেন, আর কোনো শিশু ও নারী যাতে না বুঝে ভালো কাজের লোভে বিদেশের পথে পা না দেন। আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় তিনি দরজির কাজ, উলের জ্যাকেট বানানোর প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এখন গ্রামে ফিরে এই শিক্ষাকে কাজে লাগিয়ে কিছু একটা করার স্বপ্ন দেখছেন।
বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, পাচারের ঘটনা ঘটার পর তাঁদের উদ্ধার করা হচ্ছে। কিন্তু পাচার থামানো যাচ্ছে না। জনগণকে সেই পর্যায়ে সচেতন করা সম্ভব হয়নি।