ভারতে পাচারকালে শিশু উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রাম দিয়ে ভারতে পাচারকালে গত সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলাম (১২) নামের এক শিশুকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।লালমনিরহাটের ৩১ বিজিবির মোগলহাট কোম্পানি কমান্ডার সুবেদার আল হেলাল বলেন, সীমান্তের ৯২৭ মেইন পিলার-সংলগ্ন সাব পিলার ৬-এর কাছে দৃষ্টিপ্রতিবন্ধীর ভান করা এক ব্যক্তির সঙ্গে শিশুটিকে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। এরপর ওই ব্যক্তি সীমান্তবর্তী ধরলা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্যত্র চলে যায়। সিরাজুল ইসলাম জানায়, তার পরিবার ঢাকার মতিঝিলে বস্তিতে থাকে। বাবার নাম মৃত আবদুর রাজ্জাক। তার মা আছিয়া বেগম এলাকার বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। তিন দিন আগে ওই ব্যক্তি তাকে ফুসলিয়ে রাজি করিয়ে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে চকলেট খেতে দেয়। এরপর তার আর কিছু মনে নেই। লালমনিরহাট স্টেশনে নামার পর তার জ্ঞান ফেরে। এরপর তাকে এখানে নিয়ে আসা হয়।