ভারতে পাচারের সময় সাতক্ষীরায় ছয়জন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই শহরে ১০ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের সময় পুলিশ ছয়জনকে উদ্ধার করেছে। গতকাল রোববার ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার জামির আহমেদ (২১), আলী আকবর (২০), আবদুর রহিম (৩২), ইব্রাহিম হোসেন (৩৩), নিলু মিয়া (৩০) ও সুনামগঞ্জের আবদুল হান্নান (৩৩)। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁদের ১০ হাজার টাকা বেতনে চাকরির কথা বলে ভারতের মুম্বাই শহরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সাতক্ষীরায় নিয়ে আসেন সুনামগঞ্জের মোহাম্মদ আলী। পরে সাতক্ষীরার রসুলপুর এলাকার ইদ্রিস আলীর বাড়িতে নিয়ে রাখা হয়। তিন দিন ধরে তাঁরা ওই বাড়িতে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, মোহাম্মদ আলী তাঁদের কাছ থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নিয়েছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, এ ঘটনায় উপপরিদর্শক আবদুল হান্নান মাহমুদ একটি মামলা করেছেন।