রাজশাহীতে মাদক ব্যবসায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মনসুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুপুরে নগরের গুঁড়িপাড়া ক্লাব এলাকায় শাহীন আলম ওরফে শাহেন শাহ (২৮) খুন হন।
এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই রজব আলী বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনসুর রহমানকে (৫০) মামলায় প্রধান আসামি করা হয়েছে।
ওসি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভারতে পালানোর সময় মহানগর গোয়েন্দা পুলিশ পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নবগঙ্গা গ্রামে পদ্মা নদীর পাড় থেকে মনসুরকে গ্রেপ্তার করে। ভারতে পালিয়ে যেতে তিনি নৌকার জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। গতকাল শুক্রবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে রজব আলী পরাজিত হন।
অপর দিকে সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কাউন্সিলর মনসুরের নেতৃত্বে বিএনপির কর্মীরা তৎপর হয়ে ওঠেন। এ নিয়ে সেখানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে নতুন করে বিরোধ বাধে।