ভারতে পালানোর সময় রাজশাহীর কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পালানোর সময় খুনের মামলার প্রধান আসামি ও রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মনসুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নবগঙ্গা গ্রামের পদ্মা নদীর তীর থেকে মনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীতে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।

মাদক ব্যবসায়ে আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুপুরে নগরের গুড়িপাড়া ক্লাব এলাকায় বিএনপির স্থানীয় কর্মীরা শাহীন আলম ওরফে শাহেন শাহকে (২৮) কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আজ শুক্রবার সকালে শাহেন শাহর বড় ভাই রজব আলী বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় এই মামলা দায়ের করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং মনসুর রহমানকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। গত সিটি নির্বাচনে তৃতীয়বারের মতো তিনি কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বলেন, গতকাল রাতে ভারতে পালানোর সময় পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নবগঙ্গা গ্রামে পদ্মা নদীর তীর থেকে মনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালিয়ে যেতে নৌকার জন্য তিনি ঘাটে অপেক্ষা করছিলেন। আজ তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, শাহীন আলম হত্যাকাণ্ডের আগের দিন মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর চেম্বারে হামলা, ভাঙচুর এবং আওয়ামী লীগ কর্মী রবিউল ও নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করার মামলারও তিনি আসামি।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মহানগরের এক নম্বর ওয়ার্ড এলাকাটি মাদকের আখড়া হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, কাউন্সিলর মনসুর বিগত দিনে ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তবে মনসুর কাউন্সিলর থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সুবাদে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থী রজব আলী। গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে রজব আলী তৃতীয় বারের মতো পরাজিত হন। অপরদিকে সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কাউন্সিলর মনসুরের নেতৃত্বে বিএনপির কর্মীরা তত্পর হয়ে ওঠে। এ নিয়ে সেখানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত মঙ্গলবার সকালে মনসুর রহমান ও রজব আলীর ব্যবসায়িক চেম্বারে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর করা হয়। এর পরের দিন মনসুরের লোকজন রজব আলীর ছোট ভাই শাহীন আলমকে কুপিয়ে হত্যা করেন।