ভারতে পালিয়েও শিবির নেতার শেষ রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন শিবিরের সভাপতি কামরুজ্জামান (২৮) পালিয়েও নিজেকে রক্ষা করতে পারলেন না। নাশকতার মামলায় পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়লেন। গত শনিবার উপজেলার শ্রীরামপুর মিঠাইরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। পরে তাঁকে দেশে ফেরত আনা হয়।

পুলিশ জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের বাসিন্দা ও শিবিরের নেতা কামরুজ্জামান নাশকতার পাঁচটি মামলায় দীর্ঘদিন ধরে পুলিশের গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। বাড়িতে এসেছেন, এমন খবরে গত শনিবার এসআই কাজল কুমার, এসআই আবদুল মান্নান ও এএসআই সাজ্জাদের নেতৃত্বে থানার একদল পুলিশ ও স্থানীয় গ্রামপুলিশের সমন্বয়ে একটি দল কামরুজ্জামানের আউলিয়ারহাট গ্রামের বাড়ি ঘেরাও করে। টের পেয়ে তিনি পালিয়ে পাশের মিঠাইবাড়ি সীমান্তের ওপারে ভারতের পানিশালা গ্রামের একটি চা-বাগানে লুকিয়ে থাকেন। পরে কোচবিহারের ৬১ ফালাকাটা বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামরুজ্জামানকে আটক করেন। পরে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে কামরুজ্জামানকে বিজিবির কাছে ফেরত দেয়।