ভারতে পিটুনিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের ঘোমাঘাট থানার বড়ছড়া এলাকায় খাসিয়াদের পিটুনিতে নিহত বাংলাদেশি নাগরিক বশির আহমদের (৩৫) লাশ হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভারতের ঘোমাঘাট থানার পুলিশ সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
তাহিরপুর থানার সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বশির আহমদ ভারতে ঢুকে বড়ছড়া এলাকায় স্থানীয় খাসিয়াদের পিটুনিতে মারা যান। তিনি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি সেখানে রাখা ট্রাক থেকে তেল চুরি করতে গিয়েছিলেন বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তাঁর লাশ ফেরত আনতে তাহিরপুরের বড়ছড়া সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। এতে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাত আটটার দিকে তাঁর লাশ বড়ছড়া সীমান্ত এলাকায় হস্তান্তর করা হয়।
বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিএসএফ ক্যাম্পের ১০০ গজের মধ্যে এভাবে একটি মানুষকে পিটিয়ে মারা অমানবিক। বশির অপরাধ করলে দুই দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হতে পারত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে ।’