ভারতে বন্দী বাংলাদেশিদের বিষয়ে জানাতে হাইকোর্টের নির্দেশ
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত দেশটিতে কতজন বাংলাদেশি আটক আছেন, তাঁদের পরিচয় ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে কি না, তা দুই মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এ ছাড়া আদালত পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী সাজার মেয়াদ শেষ হওয়া ৫৮৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এক মাসের মধ্যে জানাতে পররাষ্ট্রসচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর প্রথম আলোতে ‘পশ্চিমবঙ্গে আড়াই হাজারের বেশি বাংলাদেশি কারাবন্দী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহীদুল ইসলাম হাইকোর্টে গত রোববার রিট করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী আরাফাত হোসেন খান। শুনানির পর আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে কারাবন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না, এবং তাঁদের আইনগত সহায়তা দিতে ব্যর্থতা কেন বেআইনি হবে না—তা জানতে চাওয়া হয়। পররাষ্ট্র সচিবসহ ছয়জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিট আবেদনে বলা হয়, ভিয়েনা কনভেনশন ১৯৬৩ ও আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ অনুসারে তাঁদের আইনগত সহায়তা দেওয়ার কথা। কিন্তু সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ৫৮৭ জন পশ্চিববঙ্গের কারাগারে বন্দী আছেন। এ ছাড়া ৫৪টি কারাগারে ১৬৬ শিশুসহ আড়াইহাজার বন্দী রয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব ছিল কনভেশন অনুসারে এসব নাগরিকের ভালোমন্দ দেখাশোনা ও তাদের আইনগত সহায়তা দেওয়ার। কিন্তু তা না করায় তাঁদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।বন্দীদের ফেরত পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা: কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতমের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার বিকেলে রাজ্য সচিবালয় মহাকরণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রসচিব জানান, এ নিয়ে তিনি বিএসএফ ও রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) বি ডি শর্মার সঙ্গেও কথা বলবেন।