ভারতে বন্দী বাদলকে আইনি সহায়তা দিতে চিঠি
ভারতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাংলাদেশের নাগরিক বাদল ফরাজীকে আইনি সহায়তা দিতে অর্থ চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন বলছে, তাদের তদন্ত অনুযায়ী বাদল নির্দোষ। সম্পূর্ণ মিথ্যা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে।
বাদলকে দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিলের খরচ বাবদ দুই লাখ টাকা চেয়েছে হাইকমিশন। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদলের ব্যাপারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাঠানো চিঠির একটি কপি প্রথম আলোর হাতে এসেছে। চিঠির তথ্য অনুযায়ী, ২০১৫ সালের নভেম্বরে দিল্লির জেলা আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পান বাদল। বাংলাদেশ সরকারের নির্দেশে বাদলের বিষয়টি তদন্ত করে হাইকমিশন। তদন্তে দেখা যায়, সম্পূর্ণ মিথ্যা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে। তাই তাঁর জন্য আইনি লড়াইয়ের পক্ষে মত দেয় হাইকমিশন। এ কারণে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে হাইকমিশন দুই লাখ টাকা খরচ চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে।
হাইকমিশনের চিঠিতে বলা হয়, বাদল বিহার কারাগারে আছেন। সরকারের নির্দেশে হাইকমিশন তদন্ত করে জানতে পেরেছে, তিনি নির্দোষ। মানবিক বিবেচনায় তাঁর মামলার খরচ বাবদ দুই লাখ টাকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাদলের মামলা লড়ার জন্য টাকা চেয়ে হাইকমিশনের পাঠানো চিঠি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।