ভারতে বসবাসের অনুমতি পাচ্ছেন হিন্দু ও শিখ শরণার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবস্থানরত বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া হিন্দু ও শিখ শরণার্থীদের সে দেশে বসবাসের অনুমতি দিচ্ছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতের এনডিটিভির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বসবাসের অনুমতি দিয়ে শিগগিরই একটি নির্বাহী আদেশ জারি করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই বসবাসের এই অনুমতি দেওয়া হবে। এর ফলে দেশটিতে বাস করা লাখ লাখ শরণার্থী উপকৃত হবেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন, তাঁরা এই সুবিধাপ্রাপ্ত হবেন।
গত বছরের লোকসভা নির্বাচনে প্রচারকালে মোদি পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন জনসভায় ক্ষমতায় এলে প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।
ভারতের যেসব রাজ্যে শরণার্থী আছে সেগুলোর মধ্যে অন্যতম আসাম। ১৯৮৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার এবং আসামের আন্দোলনকারীদের মধ্যে স্বাক্ষরিত আসাম চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের ফেরত পাঠানো হবে। সেই চুক্তির বাস্তবায়ন এখনো হয়নি। এই শরণার্থী ইস্যুটি আসামের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এভাবে শরণার্থীদের বসবাসের সুযোগ দেওয়া আসামের আগামী নির্বাচনে বিজেপির একটি বড় হাতিয়ার। এর ফলে বাংলাদেশি শরণার্থীদের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ গ্রহণের খবরে আশার আলো দেখা দিয়েছে এই রাজ্যের শরণার্থীদের মাঝে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদের নেতা বিমল মজুমদার দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এখন প্রায় দেড় কোটি শরণার্থী রয়েছেন।