ভারতে বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচারের বিষয়ে শিগগিরই বৈঠক
ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে শিগগিরই নয়াদিল্লি ঢাকার সঙ্গে কথা বলবে। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি এ আশার বাণী শুনিয়েছেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর গত শুক্রবার কলকাতায় সাংবাদিকদের অম্বিকা বলেন, এ বিষয়ে তিনি ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চন্দ্র মোহন জতুয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গেও এ ব্যাপারে কথা বলবেন।বাংলাদেশে ভারতের টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচারের বিষয়ে কোনো বাধা না থাকলেও বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো সেখানে দেখানো হয় না।ভারতের কয়েক লাখ বাংলাভাষীর মধ্যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তবে দেশটির স্থানীয় কেব্ল নেটওয়ার্কে বাংলাদেশি চ্যানেলগুলোর প্রবেশের ওপর অলিখিত নিষেধাজ্ঞা চলে আসছে। পিটিআই।