ভারতে বাংলাদেশি ট্রাকের চালককে মারধর
হিলি স্থলবন্দরের ভারতীয় অংশে বাংলাদেশি এক ট্রাকচালককে গতকাল রোববার মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশি ট্রাকচালকেরা দুপুর ১২টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর গেটে ট্রাক রেখে ব্যারিকেড দেওয়ায় প্রায় চার ঘণ্টা দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।মারধরের শিকার ট্রাকচালক মিঠু মিয়া জানান, শনিবার বিকেলে আমদানি করা তাজা ফলের খালি কার্টন নিয়ে তিনি হিলির ভারতীয় অংশে যান। গতকাল বেলা ১১টার দিকে কার্টনগুলো সেখানে খালাস করে দেশে ফেরার পথে স্থানীয় বাজারের দোকান থেকে ১৬০ রুপিতে একটি চানাচুরের প্যাকেট কিনে বাংলাদেশি ৪৫০ টাকা দেন। কিন্তু দোকানদার অবশিষ্ট টাকা ফেরত না দিয়ে সব টাকা রেখে দেন। এ সময় টাকা ফেরত চাইলে দোকানি বাংলাদেশি টাকায় এই দাম বলে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানের ভেতর থেকে এক ব্যক্তি বের হয়ে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। পরে আরও দু-তিনজন একত্র হয়ে তাঁকে মারপিট করেন।হিলি স্থলবন্দর ট্রাকচালক সংগঠনের সভাপতি হামিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে বন্দরের ট্রাকচালকেরা দুপুর ১২টার দিকে স্থলবন্দরের গেটে খালি ট্রাক রেখে চলাচলের পথ বন্ধ করে দেন। পরে বন্দরের ব্যবসায়ী নেতারা এ ঘটনার বিচার করবেন বলে আশ্বাস দিলে আমরা ব্যারিকেড তুলে নিই।’বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, ভারতের হিলির ব্যবসায়ী নেতা অশোক কুমার মণ্ডলসহ অনেকেই সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় বেলা সাড়ে তিনটা থেকে আবার এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।স্থলবন্দরের গেটে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক কুমার মণ্ডল বলেন, ‘আহত চালকের সঙ্গে বন্দরের গেটে দেখা করেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’