ভারতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
ভারতের অভ্যন্তরে গতকাল বৃহস্পতিবার সকালে সাদেকুল ইসলাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সাদেকুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া গ্রামের মকসেদুল ইসলামের ছেলে।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার সকালে বনতাড়া গ্রামের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন, মোহনপুর সীমান্তের অপর পাশে ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে আত্রাই নদীতে বাংলাদেশি যুবকের লাশ ভেসে আছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২৮ ব্যাটালিয়নের সদস্যদের কাছে বিষয়টি জানাতে চাইলে বিএসএফ সে সময় কিছুই জানে না বলে বিজিবিকে জানায়। পরে খোঁজ নিয়ে বিএসএফ লে. কর্নেল কোরবান আলীকে জানায়, নদীতে পাওয়া যুবকের লাশটি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারপুর থানার পুলিশ নিয়ে গেছে। এ সময় বিএসএফ ওই যুবকের কয়েকটি ছবি বিজিবিকে পাঠায়। কোরবান আলী ছবিগুলো নিয়ে বনতাড়া গ্রামে গেলে মকসেদুল ইসলাম ছবিগুলো তাঁর বড় ছেলে সাদেকুলের বলে নিশ্চিত করেন। মকসেদুল ইসলাম লে. কর্নেল কোরবান আলীকে জানান, মকসেদুল বাড়িতে কৃষিকাজ করতেন। ১১ ডিসেম্বর নানার বাড়ি বিরামপুর উপজেলার রানীনগর গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যান মকসেদুল। এরপর থেকে তাঁরা মকসেদুলের কোনো খোঁজ পাননি।
কোরবান আলী প্রথম আলোকে জানান, আত্রাই নদীটি দিনাজপুরের মোহনপুর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে নদীটিতে কিছুটা স্রোতও আছে। সাদেকুলের মৃত্যু ভারতে হয়েছে, না বাংলাদেশে কেউ হত্যা করে ফেলে দিয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। সাদেকুলের লাশ গতকাল রাতে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম হোসেন প্রথম আলোকে জানান, সাদেকুল ভারতীয় পণ্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মালামাল আনতে সাদেকুল অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে মোকারম হোসেন দাবি করেছেন।