ভারতে বাংলাদেশি সংখ্যালঘুদের আশ্রয় 'জাতীয় লজ্জা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর পূর্তিতে পরিষদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ । ছবি : প্রথম আলো
শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর পূর্তিতে পরিষদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ । ছবি : প্রথম আলো

২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণীত হলেও এখনো প্রতারণার মধ্য দিয়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্বকে বিলীন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

আজ বুধবার শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর পূর্তিতে পরিষদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন করে পরিষদ। সেখানে রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।
এ প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, ‘গতকাল ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা দুই লাখ ধর্মীয় সংখ্যালঘু মানুষকে সে দেশে থাকার অনুমতি দিয়েছে। এটা আমাদের জাতীয় লজ্জা। আমি আমাদের সরকারকে বলব এ বিষয়ে সংসদে আলাদা একটা অধিবেশন ডাকতে। সেখানে আলোচনা করা হোক, কেন এ দেশের মানুষ অন্য দেশে পালিয়ে যায়?’
পরিষদের মানববন্ধনে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে নির্বিঘ্নভাবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনকে শতভাগ বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের পরেও সেখানে এখনো শান্তি প্রতিষ্ঠা পায়নি। সেখানকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠা পায়নি। একইভাবে এখান থেকে ১৪ বছর আগে ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণীত হলেও তা কার্যকর হয়নি। বরং সম্পত্তি প্রত্যর্পণের ক্ষেত্রে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঘুষ, দুর্নীতিসহ নানা হয়রানির শিকার হচ্ছেন।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের ভাষ্য, ১৯৬৫ সালে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে দেশের অগ্রসর একটি জনগোষ্ঠীকে অনগ্রসরতার দিকে ঠেলে দেয়। স্বাধীনতা পরবর্তীকালে যা অর্পিত সম্পত্তি আইনের মোড়কে হাজির হয়ে অনগ্রসরতার এ ধারাকে আরও এগিয়ে নিয়ে যায়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল রায়ের মতে, প্রত্যর্পণ আইন কার্যকর না করে সারা দেশে সংখ্যালঘুদের ভূমি-সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে গ্রাস করার পরিকল্পনা চলছে।
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ঘুষ বাণিজ্যের কারণেই আইনটিকে বাঁচিয়ে রাখা হয়েছে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নিম চন্দ্র ভৌমিক।