ভারতে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, তিন দিন পর লাশ ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তের ভেতর গত সোমবার এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে এ হত্যাকাণ্ডের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নিহত ব্যক্তির লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

নিহত বাংলাদেশির নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী বিশ্বাসপাড়ার বাবু মিয়ার (৫৫) ছেলে। 

বাবু মিয়া বলেন, ভারতের নদীয়া জেলার বিভিন্ন গ্রামে তাঁদের আত্মীয়স্বজন বসবাস করেন। ২০ দিন আগে তাঁর ছেলে শফিকুল সেখানকার মরুটিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে যান। তিন দিন আগে (সোমবার) তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন ভারত থেকে স্বজনেরা তাঁকে জানান, বাংলাদেশে ফেরার পথে দুর্বৃত্তরা শফিকুলকে পিটিয়ে হত্যা করেছে। পরে তাঁর লাশ মরুটিয়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে বিজিবি সূত্র জানায়, শফিকুলকে হত্যার প্রতিবাদ জানাতে এবং তাঁর মরদেহ ফেরত পেতে সদর উপজেলার রুদ্রনগর সীমান্তের ১৩৩ নম্বর মেইন পিলারের কাছে গতকাল দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিজিবি ৩২ ব্যাটালিয়নের কাথুলী ক্যাম্পের সুবেদার ফজলুল হক ও ভারতের ৮৫ বিএসএফ টেইনপুর ক্যাম্পের সুবেদার মাহেন্দ্র কোশ নেতৃত্ব দেন। শফিকুলকে কেন এবং কে বা কারা পিটিয়ে হত্যা করেছে, তা জানাতে পারেনি বিএসএফ। বৈঠক শেষে গতকালই শফিকুলের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।