ভারতে বাংলাদেশের বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান
প্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ক্রু মেম্বার, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। পাইলট অসুস্থবোধ করায় জরুরি ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর কাছে এসব তথ্য জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণ করা ওই ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নাগপুরে বিমান জরুরি অবতরণ করে।

আবু সালেহ মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ঢাকায় ফেরার পথে ওই ফ্লাইটটিতে পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থবোধ করেন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। তিনি জানান, পাইলটকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাত্রী, ক্রু সবাই নিরাপদে আছেন। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরে পাঠানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার প্রথম আলোকে বলেন, এ ঘটনার বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।