ভারতে ভ্রমণ ভিসার জন্য লাগবে না অ্যাপয়েন্টমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভ্রমণ ভিসার জন্য আর আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। নতুন পদ্ধতিতে সরাসরি আবেদন ফরম পূরণ করা যাবে। পরীক্ষামূলকভাবে ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) এই পদ্ধতি চালু করা হচ্ছে।

রাজশাহীতে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশনারের কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট জমা দেওয়ার প্রয়োজন হবে না। এ ছাড়া অন্যান্য ভিসার আবেদন আগের মতোই জমা নেওয়া হবে। প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য অন্য কাউন্টারে আবেদনপত্র জমা নেওয়ার ব্যবস্থা বলবৎ থাকবে।

এই নতুন ব্যবস্থা গত ৯ জুলাই থেকে চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে ভারতে ভিসাপ্রাপ্তি সহজতর হবে এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ সহজতর হবে।