ভারতে যাচ্ছেন ৯৭৯ জন, বাংলাদেশে ফিরছেন না কেউ
বাংলাদেশের অভ্যন্তরে রংপুর বিভাগের চার জেলায় থাকা ভারতীয় ১১১টি ছিটমহল থেকে ৯৭৯ জন ভারতের যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ছিটমহলের জনগণনার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখতের কাছে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীর জেলা প্রশাসকেরা ছিটমহলের জনগণনার ফলাফল জমা দেন। এরপর বিভাগীয় কমিশনার এর সারাংশ সাংবাদিকদের ব্রিফিং করেন।
দিলোয়ার বখত বলেন, ভারতের ১১১টি ছিটমহলের আয়তন প্রায় ১৭ হাজার একর। মোট জনসংখ্যা ৪০ হাজার ৪৭০ জন। তাঁদের মধ্যে ৯৭৯ জন ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি অনুযায়ী আগামী ৩১ জুলাই থেকে বাংলাদেশে অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দারা ‘বাংলাদেশি’ নাগরিক ও ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ‘ভারতীয়’ নাগরিক হিসেবে গণ্য হবেন। তবে, দুই দেশের ছিটমহলের বাসিন্দাদের মধ্যে কেউ যদি তাঁর আগের দেশের নাগরিক হতে চান, তাহলে তিনি হতে পারবেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ৩১ জুলাই থেকে ছিটমহলে থাকা জমি নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে।
তবে, ভারতের মধ্যে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহল থেকে কেউ বাংলাদেশে ফিরে আসবে না-এমন তথ্য পেয়েছেন বলে জানালেন রংপুর বিভাগীয় কমিশনার।
ছিটমহল বিনিময় বাস্তবায়নের লক্ষ্যে গত ৬ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ-ভারতের যৌথ জরিপ কর্মসূচি গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গত সোমবার ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধায় এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের চারজন ও ভারতের ছয়জন প্রতিনিধি অংশ নেন।