কিশোরী ফেলানী হত্যা মামলার বিচারকাজ তিন দিনের জন্য মুলতবি করেছেন ভারতের বিশেষ আদালত। মামলায় সাক্ষ্য দিতে গতকাল শুক্রবার সকালে ভারতের উদ্দেশে যাত্রা করেও মুলতবির কারণে পরে ফেরত আসতে হয়েছে ফেলানীর বাবাকে।
ফেলানীর বাবাসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল। প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফ্যাক্সবার্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রাম ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেনের কাছে ফেলানীর বাবাকে ভারতে পাঠানোর অনুরোধ জানায়। গতকাল সকাল পৌনে ১০টায় ভারতে রওনা হন ফেলানীর বাবা নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও জেলা পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন।
বিজিবির কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার (আজ) আদালতে ফেলানীর বাবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। সব আনুষ্ঠানিকতা শেষে ঝড়-বৃষ্টির মধ্যে সকালে বিজিবির গাড়িতে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্টের পথে আমরা রওনা হই। বড়বাড়ি নামক স্থানে পৌঁছার পর জানতে পারি, আদালত তিন দিনের জন্য বিচার মুলতবি করেছেন। ফলে রওনা দিয়েও পথ থেকে ফেরত আসতে হয়েছে।’
বিজিবির এই কর্মকর্তা জানান, গত সোমবার ভারতের কোচবিহার বিএসএফ সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরু হয়। পুনর্বিচার কার্যক্রমে আদালত শুধু ফেলানীর বাবাকে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকেন। অপর সাক্ষী ফেলানীর মামা আবদুল হানিফকে ডাকা হয়নি।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করেন।