বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনে ভারতের পার্লামেন্টে শিগগির বিল উত্থাপন করা হতে পারে। ভারতের ডেকান হেরাল্ড পত্রিকা গত শুক্রবার এ খবর দিয়েছে।ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার মনে করছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এর সঙ্গে সংযুক্ত গত বছরের সীমান্ত প্রটোকল বাস্তবায়ন করা জরুরি। যদিও এ ক্ষেত্রে বাধ সাধতে পারে ক্ষমতাসীন জোটের শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। এ ছাড়া এ জন্য সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় ক্ষমতাসীন জোটের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতাও নেই। এর পরও পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংবিধান সংশোধনের বিল তোলা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।পার্লামেন্টে বিল উত্থাপন করা হলে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করতে পারেন। বিরোধীরা মনে করেন, দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি কার্যকর করা হলে ভারতের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।সূত্র ডেকান হেরাল্ডকে জানিয়েছে, সংবিধান সংশোধনের বিলটি শিগগির পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে। কেননা, এর মাধ্যমে ভারত বাংলাদেশকে এই বার্তা দিতে চায় ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এর সঙ্গে সম্প্রতি সংযুক্ত প্রটোকল বাস্তবায়নে মনমোহন সিংয়ের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।সীমান্ত চুক্তি ও প্রটোকল অনুযায়ী, দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত চিহ্নিত করা, উভয় দেশের দখলে থাকা ছিটমহলগুলো বিনিময় এবং অপদখলীয় ভূমির বিষয়টি মীমাংসা করা হবে।চুক্তি ও প্রটোকল বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণ, তারা মনে করে এতে করে তাদের একটি বড় আকারের ভূমি বাংলাদেশের কাছে হাতছাড়া হয়ে যাবে।এ ছাড়া গত বছর মনমোহনের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সম্পাদিত স্থল সীমান্ত প্রটোকলেরও প্রতিবাদ জানায় বিজেপি এবং আসামের অসম গণ পরিষদ। তাদের অভিযোগ, এতে করে আসামেরও একটি বিশাল ভূমি বাংলাদেশের হাতে চলে যাবে।ডেকান হেরাল্ড জানায়, গত মাসে ভারত সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম মিজারুল কায়েস ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইকে জানিয়েছেন, সীমান্ত চুক্তি অনুসমর্থনের জন্য ভারতের পার্লামেন্টে বিল উত্থাপিত হলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া বাংলাদেশ সরকারের জন্য সহজ হবে। কেননা, বাংলাদেশের বিরোধী দলের অভিযোগ, শেখ হাসিনার সরকার ভারতকে অতিরিক্তি সুবিধা দিচ্ছে।