ভারতে সরকার পরিবর্তনে কোনো সমস্যা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতের নতুন সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে অনেকেই নানা জল্পনা-কল্পনা, হিসাব-নিকাশ করছেন। কিন্তু সরকারবিরোধীদের সেই হিসাব-নিকাশ মিথ্যা হয়ে যাবে। কেননা ভারতের নতুন সরকারের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক আগের মতোই থাকবে।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে গওহর রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তনে সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো সমস্যা হবে না। বরং আগের চেয়ে আরও ভালো করার চেষ্টা করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ভারতে নতুন সরকার এলেও সে দেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয় না এবং হবেও না। ভারতের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সীমান্ত ও তিস্তার পানি বণ্টনসহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা আরও জোরদার ও সমস্যার দ্রুত সমাধান হবে।
গওহর রিজভী মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছার পর সেখানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মুজিবনগরের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন গওহর রিজভী। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার, জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন৷