ভারতে সাজা খাটা ৯ বাংলাদেশিকে হস্তান্তর
ভারতীয় কারাগারে আটক ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।
ওই ৯ জন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর তাঁদের ফেরত পাঠানো হয়।
রৌমারী থানা পুলিশের সহকারী পরিদর্শক রুহুল আমিন জানান, ওই ৯ জন হলেন আবু সাঈদ, শাহাদত, জাইদুল ইসলাম, সানোয়ার হোসেন, বাবুল করিম, তাজুল হোসেন, হাবিবুর রহমান, রাসেল আলী ও জোগেস পাল। তাঁদের বিজিবির কাছ থেকে প্রথমে রৌমারী থানায় আনা হয়। সেখান থেকে তাঁদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৯ নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের কাছে আটক হন। পরে ভারতীয় প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজা শেষে বিএসএফ আজ বুধবার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৫ দিয়ে তাঁদের বাংলাদেশের পুলিশের হাতে হস্তান্তর করে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ওই সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৫ নম্বর ব্যাটালিয়নের বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবাদার রজব আলী ও বিএসএফের ৫৭ ব্যাটালিয়নের মানকাচর কোম্পানি কমান্ডার বজত সিংহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন রৌমারী থানা পুলিশের এস আই রুহুল আমিন।