ভারতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উলফা নেতাদের বৈঠক
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং স্বরাষ্ট্রসচিব গোপাল পিল্লাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। ১৯ বছরের মধ্যে সরকারের সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির এটিই প্রথম সরাসরি বৈঠক।উলফার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া। তিনি জানান, তাঁদের কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার সঙ্গে তাঁদের যোগাযোগ আছে এবং শান্তিপ্রক্রিয়ার কেন্দ্রে থাকবেন তিনিই। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী, অর্থ সম্পাদক চিত্রবন হাজারিকা ও ভাইস চেয়ারম্যান প্রদীপ গগুই।সরকারের পক্ষ থেকে গতকালের বৈঠককে ‘প্রাথমিক ও পরিচিতিমূলক’ বলে অভিহিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘উলফা নেতারা শর্তহীনভাবে আলোচনায় রাজি হয়েছেন। আর আমাদের দিক থেকে সংকটের একটি সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি।’অন্যদিকে, গতকালের আলোচনাকে ‘আস্থা স্থাপনমূলক পদক্ষেপ’ অভিহিত করে প্রতিনিধিদলে অংশ নেওয়া উলফার পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী বলেন, ‘প্রতিনিধিদলের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো দাবি উত্থাপন করা হয়নি।’ প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে আসামের রাজধানী গুয়াহাটি যাবেন। সেখানে তিনি উলফা নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু করবেন। তারই প্রস্তুতি পর্ব ছিল গতকালের বৈঠক।তবে সংগঠনের কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া শান্তি আলোচনায় রাজি নন বলে সম্প্রতি গণমাধ্যমে খবর বের হওয়ার পর বিষয়টি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে জানতে চাওয়া হলে উলফা নেতা শশধর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তিনিই (পরেশ বড়ুয়া) আমাদের কমান্ডার ইন চিফ। তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ আছে। শান্তিপ্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনিই।আসামের স্বাধীনতার দাবিতে ২৯ বছর ধরে সশস্ত্র সংগ্রাম করছে উলফা।