ভারতে আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি গভীর ক্ষতির সম্মুখীন হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী দুটি সংগঠন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতিমূলক প্রক্রিয়া শুরু হলেও বাংলাদেশ এ বিষয়ে এখনো নীরব।
যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। এতে আয়োজকদের পক্ষে ‘ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্পের প্রথম সংযোগ (কেন-বেতওয়া) বাস্তবায়ন ও বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ মোহাম্মদ খালেকুজ্জামান।
খালেকুজ্জামান বলেন, ৩০টি খাল খননের মাধ্যমে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটির পূর্ণ বাস্তবায়ন হলে বাংলাদেশের পদ্মা ও যমুনার বর্তমান পানি প্রবাহের এক তৃতীয়াংশ কমে যাবে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে উত্তর ভারতের ‘কেন-বেতওয়া নদী সংযোগ’ খালের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে যাচ্ছে।
খালেকুজ্জামানের দাবি, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো তৎপরতা নেই। এই ঘটনাটি সরকার আদৌ ওয়াকিবহাল কি না তাও প্রশ্ন।
আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া ভারতীয় সরকারের সঙ্গে প্রকল্পটি নিয়ে তথ্য ও যুক্তিভিত্তিক আলোচনা এবং প্রকল্প বাতিলের প্রয়াস চালানোরও দাবি ওঠে।
কেন-বেতওয়া সংযোগ খালের বিষয়ে নিশ্চুপ থাকার জন্য বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন যৌথ নদী কমিশনের সমালোচনা করেন। তিনি বলেন, আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারত গঙ্গা পানি চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা ও চুক্তি ভঙ্গ করছে।
বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রকল্পটি নিয়ে আলোচনার দাবি করেন।
আন্তনদী সংযোগ প্রকল্পকে বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক হিসেবে আখ্যায়িত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক শহীদুল ইসলাম।