ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি
ভারতে আন্তনদী সংযোগ প্রকল্প চালুর পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ও পিপলস সার্ক ওয়াটার ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
গঙ্গা, তিস্তাসহ দুই দেশের অভিন্ন কয়েকটি নদীতে বাঁধ দিয়ে আন্তর্দেশীয় পানিপ্রবাহের এই পরিকল্পনার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির শিকার বাংলাদেশের জন্য এই প্রকল্প আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এতে উজান থেকে আসা পানির প্রবাহ কমে যাবে। ফলে সমুদ্রের লোনাপানি সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলের মাটি ও পরিবেশ ধ্বংস করবে। এ ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই এই প্রকল্প বাতিল করে দুই প্রতিবেশী দেশকেই জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭ অনুসমর্থন করতে বলা হয়।
বাপার সহসভাপতি সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক, এম শহীদুল ইসলাম প্রমুখ।