ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পে বরাদ্দ দেওয়ায় 'উদ্বেগ' সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পে নতুন করে বরাদ্দ দেওয়ায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারতের কাছে জানতে চাইবে।
½গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের বলেন, নতুন করে এই প্রকল্পে বরাদ্দ দেওয়া বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। এ বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছ থেকে তথ্য নেওয়া হবে।
সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র বলেন, পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণের প্রস্তুতি হিসেবে আগামী বাজেটে এ ব্যাপারে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রস্তাব করা হবে।
কমিটির সভাপতি বলেন, সংসদীয় কমিটি কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছে। এসব এলাকায় নদী ড্রেজিংয়ের প্রকল্প অনেক স্থানে ঠিকমতো কাজ করেনি। এ কারণে লবণাক্ত পানি এসব জেলায় বেশি ঢুকছে।
নদী ড্রেজিংয়ের কাজ ঠিকমতো হয়নি কেন, জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে। এ ছাড়া বিগত দিনে বিএনপি-জামায়াতের অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ঠিকমতো কাজ করা যায়নি। তা ছাড়া আমাদের অর্থের ঘাটতি রয়েছে।’
বৈঠকে ভারতের সঙ্গে সীমান্তবর্তী নদীতে চলতি বছরের মধ্যে ২০ কিলোমিটার বাঁধ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান সভাপতি। রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার
আবদুল খালেক, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সেলিনা জাহান উপস্থিত ছিলেন।