বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক কূটনীতি অনেক বেশি ভারত সরকারনিয়ন্ত্রিত ও প্রভাবিত। তাই সমুদ্রসীমা নির্ধারণে আন্তর্জাতিক আদালতে দেশের স্বার্থ রক্ষায় সরকারের প্রস্তুতি ছিল কম। ভারতের প্রভাবের কারণে যুক্তি উপস্থাপনও ঠিকমতো করেনি। আদালতের রায়ে তাই মূলত ভারতের ইচ্ছারই প্রতিফলন হয়েছে, সমুদ্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি করে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি এ অভিযোগ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। এ সময় দলের আরেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও ইনাম আহমেদ চৌধুরী রায় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিএনপির অভিযোগ, এই রায়ে ছয় হাজার বর্গকিলোমিটারের চেয়েও বেশি সমুদ্রসীমা বাংলাদেশের হাতছাড়া হয়েছে। এটা ভারত পেয়েছে। কেননা, দাবি করা ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার সমুদ্রসীমার পুরোটাই বাংলাদেশের। দলটির দাবি, এই রায়ের ফলে বাংলাদেশের স্থলসীমানা কমেছে প্রায় সাড়ে চার কিলোমিটার। তা ছাড়া দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের ভাগে পড়েনি, যা এ দেশের অবিচ্ছেদ্য অংশ। রায়ের পর মহীসোপানের অধিকার নিয়ে জাতিসংঘে দাবি পেশকে অযৌক্তিক আখ্যা দিয়েছে বিএনপি। তাদের অভিমত, আগে মহীসোপানের বিষয়টি নিস্পত্তি করে তারপর আদালতে যাওয়া উচিত ছিল।
গত সোমবার দেওয়া রায়ে নেদারল্যান্ডসের দ্য হেগের সালিসি আদালত বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশকে দিয়েছে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ১৯৮৯ সালের পর থেকেই তালপট্টির অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় কর্তৃপক্ষও অনুসন্ধানের মাধ্যমে তালপট্টির অস্তিত্ব আদালতের কাছে প্রমাণের চেষ্টা করে ব্যর্থ হয়।
বিএনপি আরও বলেছে, ভারত আদালতে নিজ দেশের একজন বিচারক নিয়োগ দিয়েছিল। কিন্তু বাংলাদেশ নিজেদের কাউকে বিচারক নিয়োগ দেয়নি। ঘানা থেকে একজনকে নিয়োগ দিয়েছে। ওই ব্যক্তির পক্ষে বাংলাদেশের স্বার্থ বোঝা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বিএনপি ও খালেদা জিয়ার সরকারের বিভিন্ন তৎপরতার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০০১ সাল থেকে এ জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা ‘সেল’ গঠন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ২০০৯ সালে মামলা করে। সরকারের পক্ষ থেকে বিএনপি ও খালেদা জিয়াকে এ ব্যাপারে কিছু কৃতিত্ব দিলে সেটা ভালো হতো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার তাড়াহুড়া না করলে এই মামলায় আরও ভালো কিছু পাওয়া সম্ভব ছিল। এই রায় আওয়ামী লীগের কোনো বিজয় নয়। তিনি রায়ের বিভিন্ন দিক ও সমুদ্রের ব্লকগুলো নিয়ে সরকারের কাছ থেকে ‘সুস্পষ্ট বিবৃতি’ দাবি করেন। বিএনপি সরকারকে হেয়প্রতিপন্ন করতে সংবাদ সম্মেলন করছে না উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা রাজনৈতিক বিষয় না। সরকার একে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। বিএনপি চায় পুরো বিষয়টি যেন সরকার জনগণকে ভালোভাবে জানায়।
ইনাম আহমেদ চৌধুরী বলেন, মামলা চলাকালে খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়নি। দেশের স্বার্থ রক্ষায় সরকারের আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল।