ভারতের ঋণসহায়তায় রেলের ওয়াগন ক্রয়ের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের কনটেইনার পরিবহনের জন্য ১৭০টি মিটারগেজ ওয়াগন ও ১১টি ব্রেক ভ্যান কেনার চুক্তি সই হয়েছে। গতকাল রোববার রেল ভবনে বাংলাদেশের পক্ষে রেলের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমান ও ভারতের টিটাগর ওয়াগনস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান কারিগারি উপদেষ্টা অশোক কুমার দাস চুক্তিতে সই করেন। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক, রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহবুব উর রহমান, রেলের মহাপরিচালক আবু তাহের, ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রাও প্রমুখ উপস্থিত ছিলেন।ভারতের ১০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তার অধীনে এই প্রকল্প নেওয়া হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান টিটাগর ওয়াগনস এসব ওয়াগন ও ব্রেক ভ্যান সরবরাহ করবে। এসব ক্রয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ভারতের ১০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তায় নেওয়া ১২টির মধ্যে আটটি প্রকল্পের চুক্তি সম্পন্ন হয়েছে। এসব মালামাল পাওয়া গেলে রেলকে নতুন করে সাজানো যাবে এবং রেলওয়ের বর্তমান সমস্যা অনেকাংশে কমে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মালামাল সরবরাহের জন্য টিটাগর ওয়াগনস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।