ভারতের ঋণে কেনা ব্রডগেজ ইঞ্জিন উদ্বোধন প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতীয় ঋণে কেনা ব্রডগেজ ইঞ্জিন ও ট্যাংক ওয়াগন যৌথভাবে উদ্বোধন করেছেন। খবর বাসসের।ভারতের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে ২০টি ট্যাংক ওয়াগন, একটি ব্রেকভ্যানসহ একটি ইঞ্জিনের চলাচল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী, উপদেষ্টা, দুই দেশের হাইকমিশনার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ক্যান্টনমেন্ট স্টেশনকে ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে মনোরমভাবে সাজানো হয়।এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মাদ আবু তাহের ভারতীয় ঋণে নেওয়া বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ১০০ কোটি ডলার ঋণের আওতায় রেলওয়ের ১৪ প্রকল্পের জন্য বরাদ্দ ৭৩ কোটি ৬০ লাখ ডলারের মধ্যে ৬৩ কোটি মার্কিন ডলার ব্যয়ে ১১টি প্রকল্পের কাজ চলছে।বাংলাদেশ রেলওয়ে পুরোনো ইঞ্জিনের স্থলে নতুন ইঞ্জিন সংযোজনের জন্য দুটি চুক্তির আওতায় ভারতের আরআইটিইএস থেকে ২৬টি ব্রডগেজ ইঞ্জিন কিনবে। এ ছাড়া ভারতের টেঙ্মাকো থেকে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহের জন্য ১৬৫টি ব্রডগেজ ট্যাংক ও ছয়টি ব্রেকভ্যান কেনা হবে।২০১০ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ইশতেহারের সিদ্ধান্তের আলোকে ভারতের প্রধানমন্ত্রী রেলওয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্রডগেজ ও মিটারগেজ ইঞ্জিন ও ওয়াগন ক্রয়সহ বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলার ঋণের ঘোষণা দেন। সরবরাহ সূচি মোতাবেক চলতি বছরের এপ্রিল থেকে প্রতি মাসে দুটি করে ইঞ্জিন এবং মার্চ-মে মাসে ট্যাংক ওয়াগন সরবরাহের কথা থাকলেও রেলওয়ের অনুরোধে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ব্রেকভ্যানসহ দুটি ইঞ্জিন এবং ২০টি ট্যাংক ওয়াগন বাংলাদেশে পৌঁছে।ভারতের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকে দুটি ইঞ্জিনসহ ২০টি ট্যাংক ওয়াগন ও একটি ব্রেকভ্যান চলাচল করবে।