রামপাল প্রকল্পের অর্থায়ন নয়
ভারতের এক্সিম ব্যাংকের প্রতি বিশ্বের ৯৪ পরিবেশবাদী সংগঠনের আহ্বান
রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন না করতে ভারত সরকারের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম) কাছে অনুরোধ জানিয়েছে বিশ্বের ৯৬টি পরিবেশবাদী ও নাগরিক সংগঠন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে পার্শ্ববর্তী সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে—এই আশঙ্কা প্রকাশ করে সংগঠনগুলো এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটি খোলা চিঠি দিয়েছে।
ওই চিঠিতে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী জুলাইয়ের মধ্যে এক্সিম ব্যাংক বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ কোম্পানিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১৬০ কোটি ডলার ঋণ মঞ্জুর করতে যাচ্ছে। এটা এক্সিম ব্যাংকের ঘোষিত প্রতিজ্ঞার বরখেলাপ। ব্যাংকটি দাবি করে, তারা বিশ্বের নাগরিকদের স্বার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। অথচ রামপাল বিদ্যুৎকেন্দ্র ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ধ্বংস ডেকে আনবে।
ওই খোলা চিঠি সম্পর্কে ভারতের জনবিজ্ঞান প্রচারাভিযানের সৌম্য দত্ত বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে এক্সিম ব্যাংকের এই অস্বাভাবিক পরিমাণে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ ও সুন্দরবনের প্রতি একধরনের অপরাধ। শুধু এই প্রকল্পের কারণেই বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণ ১৫ শতাংশ বেড়ে যাবে।