ভারতের এত দিনকার নীতি ভুল প্রমাণিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিশেষ দলের ওপর নির্ভরশীল হয়ে ভারত এত দিন বাংলাদেশের ব্যাপারে যে নীতি অনুসরণ করে আসছে, তা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সেটি বুঝতে পেরে ভারত এখন সেই নীতির পরিবর্তন করেছে।জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে ‘খালেদা জিয়ার চীন ও ভারত সফর: আওয়ামী লীগের অপপ্রচার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ দাবি করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ভারত এখন বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের ওপর আর নির্ভর করতে চায় না। তারা বুঝেছে, কোনো একটি দলের সঙ্গে বন্ধুত্ব, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্ভর করে না।খালেদা জিয়ার ভারত সফর অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ও সফল’ দাবি করে মওদুদ আহমদ বলেন, ভারত এখন বাংলাদেশের গণমানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এই সফর বাংলাদেশের মানুষের জন্য সুদূরপ্রসারী সাফল্য বয়ে আনবে। স্বদেশ মঞ্চ নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। সংগঠনের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এইচ এম আবদুল হাই, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।তথ্য ফাঁসের খবর ভিত্তিহীন: দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল কয়েকটি গণমাধ্যমে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে মর্মে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানান। তিনি বলেন, প্রতিবেদনের বিবরণী দেখে মনে হয়, সরকারের ষড়যন্ত্রে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।