ভারতের এনআইএ ঢাকায় আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধমানের খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধিদল দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছে। এনআইএর মহাপরিচালক শারদ কুমার এই দলের নেতৃত্ব দেবেন।
গতকাল রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের খাগড়াগড়ের বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কি না, তা নিয়ে এনআইএর প্রতিনিধিদল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে।
গত ২ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। তাঁরা জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদ নারায়ণগঞ্জের ফরাজীকান্দার বাসিন্দা বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলামী রাষ্ট্র গড়ার ছক এঁকেছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১২ জনের চারজন বাংলাদেশের।