ভারতের ওই প্রকল্পে জড়িত থাকা কখনোই উচিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে ভারতের পিছিয়ে আসা উচিত বলে মত দিয়েছে পরিবেশ এবং প্রান্তিক মানুষদের জন্য কাজ করা অন্তত ২০টি ভারতীয় সংগঠন। এই নিয়ে ভারত সরকারের ওপরে চাপ বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো।
ভারতের ওই সংগঠনগুলো মনে করছে, শুধু বাংলাদেশের ভেতরে নয়, সুন্দরবনের ভারতীয় অংশ এবং দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় পরিবেশ এবং মানুষের জীবিকার ওপর রামপাল প্রকল্পের প্রভাব পড়বে। তারা বলছে, বাংলাদেশে যেভাবে রামপালবিরোধী আন্দোলন চলছে, তারপরেও ভারতের ওই প্রকল্পে যুক্ত থাকা কখনোই উচিত হবে না।
বনাঞ্চলের মানুষের জীবন-জীবিকা নিয়ে আন্দোলন করা সংগঠন ‘অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপল’-এর সাধারণ সম্পাদক অশোক চৌধুরী বলেন, ‘সুন্দরবনের ওপরে প্রভাব পড়লে যে বিপর্যয় নেমে আসবে, তা থেকে আমাদের সুন্দরবনও বাদ থাকবে না। আর পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলেও এর প্রভাব পড়তে বাধ্য। ম্যানগ্রোভ অরণ্যই তো সমুদ্র থেকে বাঁচিয়ে রেখেছে এই অঞ্চলকে, তাই ম্যানগ্রোভ যদি চলে যায়, তার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে, আমরা সেটা কল্পনাও করতে পারব না।’
অশোক চৌধুরী নিজে রামপালবিরোধী লংমার্চে অংশ নিয়েছিলেন সংগঠনের আরও কয়েকজন সদস্যের সঙ্গে। তিনি মন্তব্য করেন, ওই লংমার্চে যেভাবে ভারতবিরোধী স্লোগান উঠতে শুনেছেন তাঁরা, কট্টরপন্থী সংগঠনগুলো সেই মনোভাব কাজে লাগাতে পারে।
অশোক চৌধুরী আরও বলেন, প্রশ্ন উঠছে, যেখানে ভারতের আদালত নানা সময়ে পরিবেশগত কারণে বিদ্যুৎ প্রকল্প আটকে দিয়েছেন, সেখানে প্রতিবেশী দেশের পরিবেশ নষ্ট করতে পারে, এমন একটি প্রকল্পে কেন ভারত সরকার সাহায্য করছে।
যে ভারতীয় সংগঠনগুলো রামপাল-বিরোধিতায় নেমেছে, তাদের একটি ন্যাশনাল অ্যালায়েন্স ফর পিপলস মুভমেন্ট। সংগঠনটির আহ্বায়ক মধুরেশ কুমার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আমাদের অবদানের কারণে সে দেশের মানুষদের কাছে ভারত সমাদৃত—কেন সেটা নষ্ট করা হচ্ছে একটিমাত্র বিদ্যুৎ প্রকল্পের জন্য?’