ভারতের কাছে তীব্র প্রতিবাদ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্তের কাছে বাংলাদেশি যুবকের ওপর বিএসএফের নির্মম নির্যাতনের ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ওই নির্যাতনের পূর্ণ তদন্তের পাশাপাশি সীমান্তে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের এ মনোভাব ভারতকে জানানো হয়েছে।এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, বাংলাদেশি তরুণকে নির্যাতনের ঘটনার পূর্ণ তদন্তের জন্য নির্দেশ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর পরিপ্রেক্ষিতে বিএসএফের স্থানীয় কমান্ডারকে সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের ওই যুবককে নির্যাতনের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রাথমিক এক তদন্ত চালায়। ওই তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এর ভিত্তিতেই বাংলাদেশ ভারতের কাছে প্রতিবাদ জানায়।ভারতের কাছে দেওয়া চিঠিতে বাংলাদেশ কঠোর ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি ওই নির্যাতনের বিস্তারিত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএসএফ সংযম পালন করবে বলে ভারতের দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।বিএসএফের একটি দল ভারতীয় সীমান্তের ভেতরে এক বাংলাদেশি যুবককে নির্মমভাবে পেটাচ্ছে—এমন একটি ভিডিওচিত্র গতকাল বুধবার ফাঁস হয়। নির্যাতনের একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে ফেলা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে বিএসএফের আট সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ওই যুবককে বিএসএফের সদস্যরা গরু চোরাচালানি সন্দেহে আটক করেছিলেন। ঘুষ দিতে অস্বীকার করায় তাঁকে নির্যাতন করা হয়। পরে তাঁকে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ।মুঠোফোনে ধারণ করা ওই ভিডিওচিত্র গত বুধবার ভারতের এনডিটিভিসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর এ নিয়ে হইচই পড়ে যায়।ভারতের তদন্তের নির্দেশ: বিএসএফের হাতে বাংলাদেশির নির্যাতিত হওয়ার ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারত সরকার। পিটিআই জানায়, গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ আকবরউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বরখাস্ত করতে বিএসএফ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি এই খবর শোনার পর রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) নাপরাজিত মুখোপাধ্যায়কে তাঁর অসন্তোষের কথা জানান এবং বিষয়টি বিএসএফের মহাপরিচালককে জানাতে বলেন।খবরটি গতকাল বৃহস্পতিবার কলকাতার সব সংবাদপত্রেই গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা খবরটি ছাপে ভেতরের পাতায় দুই কলামজুড়ে। সঙ্গে নির্যাতিত যুবকের ছবি। আজকাল ছাপে প্রথম পাতায় চার কলামে। বাংলা দৈনিক একদিন খবরটি শীর্ষ খবর হিসেবে প্রথম পাতায় আট কলামজুড়ে ছাপে; সঙ্গে আট কলামজুড়ে চারটি ছবি। প্রধান কয়েকটি ইংরেজি দৈনিকও এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।