ভারতের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাইতে পারে বাংলাদেশ। এ জন্য পানিসম্পদ মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে শুধু গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। তারপরও আমরা নোট ভারবাল দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। দ্বিতীয় কথা হলো, ভারতের সঙ্গে এখন পর্যন্ত যেসব চুক্তি হয়েছে এবং যৌথ কমিশন হয়েছে, তাতে বলা হয়েছে যে তারা এমন কোনো কিছু করবে না, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী। এ ছাড়া এ নিয়ে ভারত আমাদের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। এরপরও এটি জানার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছি।’
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তনদী সংযোগ প্রকল্পের অধীনে ভারতের কেন্দ্রীয় সরকার আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের নদীগুলোকে যুক্ত করতে যাচ্ছে। সংযোগ খালের মধ্য দিয়ে মানস-সংকুশ-তিস্তা-গঙ্গা নদীকে যুক্ত করা হবে। সংশ্লিষ্ট তিনটি রাজ্য শিগগিরই এ ব্যাপারে তাদের অবস্থান জানাবে।
বাংলাদেশ-ভারতের মাঝে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যেগুলোর উৎপত্তি ভারতে এবং ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এ কারণে ভারতের পরিকল্পনায় থাকা আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলছেন, এটি হলে বাংলাদেশ সমস্যায় পড়বে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্রমতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির কথাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো একপক্ষীয় সিদ্ধান্ত ভারত নেবে না। চিঠিতে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু না করতে বলা হয়।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব শহীদুল হক প্রথম আলোকে বলেন, ভারত বারবার আশ্বাস দিয়েছে বাংলাদেশের কোনো ধরনের সমস্যা হবে না।
বিএনপির উদ্বেগ: আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারতের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, ১৩ জুলাই ভারতের সেচমন্ত্রীর বরাত দিয়ে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, ভারত তিনটি অভিন্ন নদীতে বাঁধ দিয়ে আন্তনদী সংযোগ প্রকল্প চালু করতে যাচ্ছে। এটি ভারতের নিজস্ব বিষয় হলেও এর প্রভাব পড়বে বাংলাদেশে। ব্রহ্মপুত্রসহ অনেক নদী এতে পানিশূন্য হয়ে পড়তে পারে।