ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে শিগগিরই চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েনের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক শামীম আহসান গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীনের বরাত দিয়ে প্রথম আলোর দিল্লি প্রতিনিধি জানিয়েছেন, সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে বাংলাদেশ ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে। আকবর বলেছেন, ‘এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সুভাষ যোশী ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন। এটুকুই বলতে পারি, ইউএভি (মানববিহীন উড়োজাহাজ) মোতায়েনের পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর এ পরিকল্পনা ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকাকে (পাকিস্তান সন্নিবর্তী) ঘিরে নেওয়া হচ্ছে, পূর্বাঞ্চলীয় (বাংলাদেশ সন্নিবর্তী) এলাকায় নয়।’
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, গত সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে ভারতের গণমাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত এলাকায় দিল্লি ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।
বিএসএফের মহাপরিচালকের বরাত দিয়ে গত সোমবার ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করতে বিএসএফ শিগগিরই ড্রোন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। পত্রিকার খবরে বলা হয়, বিএসএফের প্রধান সুভাষ জোশী বলেছেন, ইউএভি (মানববিহীন উড়োজাহাজ) মোতায়েনের পরিকল্পনাটি জোরেশোরে এগিয়ে নেওয়া হচ্ছে। ইউএভি শুধু ভারতের পশ্চিম সীমান্তেই (পাকিস্তান সীমান্তবর্তী) ব্যবহারের পরিকল্পনা নেই, বরং বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী দেশের পূর্বাঞ্চলেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বর্তমানে ভারত নকশাল-আক্রান্ত এলাকাগুলোতে ড্রোন ব্যবহার করছে। বিএসএফের নজরদারি বাড়াতে এরই মধ্যে শত্রুপক্ষীয় অবস্থান নির্ণয় ও সেই স্থানের নজরদারিতে দূরপাল্লার লোরোস (এলওআরআরওএস) ব্যবস্থা, যুদ্ধক্ষেত্র নজরদারি রাডার (বিএফএসআর) ও রাতের অন্ধকারে দেখার উপযোগী যন্ত্র ব্যবহার করছে ভারত। এসবের সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে সীমান্তে ড্রোন।