ভারতের কারাগারে ৮ বছর ধরে বন্দী ভাস্কর রশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লির তিহার কারাগারে আট বছর ধরে পড়ে আছেন এক বাংলাদেশি ভাস্কর ও তাঁর পুত্রবধূ। হতভাগ্য এই শিল্পী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ভাস্কর্যের নকশা করেছেন।প্রতিবেশী দেশে বন্দিজীবন কাটানো ওই দুই ব্যক্তি হলেন ভাস্কর রশিদ আহমেদ (৭৭) ও পুত্রবধূ নূর নাহার। ২০০৪ সালে ভারত সফরকালে জাল টাকা বহনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।রশিদ আহমেদের ভাস্কর্যগুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ‘মুক্ত বাংলা’ অন্যতম। বছরের পর বছর অপেক্ষা করেও বাবাকে ছাড়িয়ে আনতে না পেরে তাঁর মেয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা এখন বেশ খারাপ।২০০৪ সালে রশিদ তাঁর পুত্রবধূর সঙ্গে আজমির শরিফ পরিদর্শনের উদ্দেশ্যে ভারতে যান। দিল্লির পাহাড়গঞ্জের হোটেলে ওঠেন তাঁরা। সেখানে টাকাপয়সা নিয়ে তাঁদের সঙ্গে হোটেল ব্যবস্থাপকের বাগিবতণ্ডা হয়। এরপর ওই হোটেলে পুলিশ তল্লাশি চালায়। পরে তাঁরা জানতে পারেন, জাল টাকা বহনের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। পরে দিল্লির একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।বাংলাদেশের হাইকমিশন ইতিমধ্যে রশিদ আহমেদের আগাম মুক্তির লক্ষ্যে কয়েক দফা ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। এর আগে ২০০৫ সালে ভারতের তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি দুজনের মুক্তির বিষয়টি বিবেচনা করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের কাছে অনুরোধ জানান। দি ইন্ডিয়ান এক্সপ্রেস।