ভারতের কোনো পক্ষে যাওয়া ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ভারতের নিজেদের স্বার্থে কোনো পক্ষে অবস্থান না নিয়ে প্রধান দুই দলকে আলোচনায় উৎসাহিত করতে হবে। গত বুধবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর এক সম্পাদকীয়তে নয়াদিল্লিকে এমন পরামর্শ দেওয়া হয়।

সম্পাদকীয়তে বলা হয়, প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সর্বোচ্চ পর্যায়ে পরিপক্বতা দেখাতে না পারলে সামনের দিনগুলোতে রাজনৈতিক অচলাবস্থা আরও খারাপ হবে বলে মনে হচ্ছে। ২০১৪ সালে অনুষ্ঠেয় নির্বাচন তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত ‘সর্বদলীয় সরকার’ প্রত্যাখ্যান করে বিএনপি রাজপথে নামার হুমকি দিয়েছে। ফলে এতে কেবল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিকেরাই রয়েছে।

বর্তমান সংকটের শুরু ২০১১ সালে। ওই সময় সংবিধান সংশোধন করে নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রবর্তিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল। ২০০৬ সালে তিন মাসের একটি নির্দলীয় সরকার নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়ে সেনা সমর্থন নিয়ে দুই বছর ক্ষমতায় থাকার সরাসরি অভিজ্ঞতা থেকে এই ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বিরোধিতা করেছিল বিএনপি। সংসদে এই সংক্রান্ত সংবিধান সংশোধনের ভোটাভুটিও বর্জন করে তারা। বিএনপি মনে করে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের স্বার্থে এই ব্যবস্থা বাতিল করেছে। তখন থেকে দেশটি সংকট থেকে সংকটে পতিত হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর দোসরদের চলমান বিচারকে ঘিরে ব্যাপক সহিংসতাসহ একটির পর আরেকটি ঘটনা ঘটছে।

চলতি বছরের গোড়ার দিকে বিএনপির অন্যতম মিত্র জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা আরোপ আওয়ামী লীগ নেতৃত্বের গণতান্ত্রিক ভাবমূর্তি বাড়ায়নি। কারণ এর কিছুদিন পরই যুদ্ধাপরাধের বিচার চলাকালেই কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী জোট বড় ধরনের জয় পায়।

বিএনপির নির্বাচন বর্জন কোনো সমাধান নয়। একইভাবে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ফল হবে অন্তঃসারশূন্য। এটি দেশটিকে নতুন করে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাবে।

বেশ কয়েকটি দেশ এখন ঢাকার রাজনৈতিক অচলাবস্থা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাসিনাপন্থী হিসেবে পরিচয় পাওয়া নয়াদিল্লির এমন কিছু করা ঠিক হবে না, যা দেখে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব মনে হয়।

এটি সত্য, শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যার বির্তক এবং স্থলসীমান্ত বিষয়ে ভারত যথার্থ প্রতিদান দিতে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকারের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ পেয়েছে।