নোবেল বিজয়ী অর্থনীতিবীদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রয়োজন। গতকাল শনিবার মুম্বাইতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি এ কথা বলেন। একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইউনূস মুম্বাইয়ে গেছেন।ভারতের ক্ষুদ্রঋণ খাতের জন্য আরও বেশি নিয়ন্ত্রণের প্রয়োজন আছে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, ‘এটা কমবেশির ব্যাপার নয়। এখানে কথা হলো, আপনাদের ক্ষুদ্রঋণ খাতের জন্য পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রয়োজন। কেননা, বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে এই খাতের প্রতিষ্ঠানগুলো ভিন্ন।’ইউনূস আরও বলেন, ‘আপনারা যদি বাণিজ্যিকীকরণ করতে চান, তাহলে ক্ষুদ্রঋণদাতা নয়, অন্য কোনো নাম গ্রহণ করুন। কেননা, প্রকৃত ক্ষুদ্রঋণদাতারা বাণিজ্যিক স্বার্থের বিষয়টি চিন্তা করে না। ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটা একটি সামাজিক ব্যবসা।’