ভারতের ঘুম কেড়ে নিতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়েন্দারা কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বাংলাদেশ আগামী দিনে ভারতের ঘুম কেড়ে নিতে পারে। সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে চলমান রাজনৈতিক দ্বন্দ্বকে হাতিয়ার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতকে ‘বিব্রত, ব্যতিব্যস্ত ও রক্তাক্ত’ করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে—গোয়েন্দা বিভাগের এ আশঙ্কার পেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য সরকারসহ সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করেছে। সীমান্তরক্ষী বাহিনীকেও (বিএসএফ) সতর্ক রাখা হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশে জামায়াত, হেফাজতসহ ভারতবিরোধীদের মদদ দিচ্ছে আইএসআই। মিয়ানমারের সাম্প্রদায়িক বিভাজন ও বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা ভারতবিরোধী শক্তিকে তুলে দিচ্ছে বাড়তি হাতিয়ার। নেপালের রাজনৈতিক সংকট এবং মালদ্বীপের পালাবদলের কথা উল্লেখ করে গোয়েন্দা বার্তায় বলা হয়েছে, বাহ্যিক এসব কারণ আগামী দিনে আইএসআইয়ের ভারতবিরোধিতায় বাড়তি মাত্রা যোগ করতে পারে।
এতে আরও বলা হয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা ‘সুপ্ত সাম্প্রদায়িকতাকে’ জাগিয়ে তুলছে। আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই সাম্প্রদায়িক বিভাজন রাজ্যবিশেষে মারাত্মক আকার ধারণ করতে পারে। নির্বাচনের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তর-পূব ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। গোয়েন্দারা বলছেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধিই হবে এই দাঙ্গার মূল লক্ষ্য। সম্প্রতি মুজাফফরনগরের সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা উল্লেখ করে ওই সতর্ক বার্তায় বলা হয়, আশ্রয়শিবির ছেড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গ্রামে ফিরতে উৎসাহিত না করার কারণও ওই স্বার্থ। এই বিভাজনের সুযোগ নিয়ে সীমান্তপারের ভারতবিরোধী শক্তি দেশের সুস্থিতি নষ্ট করতে নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন আশঙ্কাও রয়েছে, বাংলাদেশের রাজনীতির সঙ্গে দেশের সংখ্যালঘুদের ভাগ্য নানাভাবে জড়িত। বাংলাদেশে সংখ্যালঘুরা সহিংসতার শিকার হলে, ভারতের দিকে ছুটতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দারা এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শরণার্থীর স্রোতে ভারতেও নানা সমস্যার সৃষ্টির আশঙ্কা রয়েছে।
বাহ্যিক কারণের মধ্যে পাকিস্তানের ‘রাজনীতি ও রাষ্ট্রনীতি’ যেমন রয়েছে, তেমনই আছে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের রাজনৈতিক পালাবদলের ‘সংকট’।